জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৩ ব্রোঞ্জ জয়

২১ জুলাই, ২০১৯ ১৩:১২  
হাঙ্গেরিতে অনুষ্ঠিত ৩০তম আর্ন্তজাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশ দলের তিন সদস্য। এরা হলেন- অদ্বিতীয় নাগ, রাফসান রহমান রায়ান ও মাধব বৈদ্যন শঙ্করণ। গত ১৪ জুলাই আইবিও ভেন্যু জেগেদ বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতায় অংশ নেয় তারা। ২১ জুলাই ফলাফল ঘোষণা করা হয়। এবারের অলিম্পিয়াডে বিশ্বের ৮৬টি দেশ অংশ নেয়। এরমধ্যে চারটি দেশ পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছে। ৮২টি দেশের ৩২৮ জন প্রতিযোগী আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে প্রতিদন্দ্বিতা করে। এর আগে বিডিবিও-সমকাল আয়োজিত দেশের হাজারো শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত চার মেধাবী শিক্ষার্থী বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সভাপতি দলনেতা অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া ও উপনেতা সামিউল আলম রাজিবের নেতৃত্বে বিজয়ী ৩জন ছাড়াও আহনাফ তাহমিদুর রহমান প্রতিযোগিতায় অংশ নেয়।